সহিংসতার পরপরই গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি

রবিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল ও টেঁটাসহ দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশি অস্ত্র নিয়ে মহড়া ও ভাঙচুরের ঘটনার পরপরই জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন এনেছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজ। একই প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে এবং গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রবিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল ও টেঁটাসহ দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 
এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। এর আগের দিন শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে পুলিশের দাবি, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে বড় ধরনের কোনো জানমালের ক্ষতি হয়নি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলার শীর্ষ দুই কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো।
সর্বশেষ সর্বাধিক পঠিত